বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারবৃন্দ
আসসালামু আলাইকুম।
পর্ষদের পক্ষ থেকে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত বোধ করছি।
কোম্পানির পরিচালনা পর্ষদ আমাকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করায় আমি সম্মানিত পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে আমি নিয়মিতভাবে পরিচালনা পর্ষদকে অবহিত করার সর্বাত্মক চেষ্টা করেছি। এ প্রসঙ্গে, কোম্পানির প্রতি আস্থা রেখে উল্লেখযোগ্য পরিমাণ বীমা ব্যবসা প্রদান এবং সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য সম্মানিত পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ এবং আমাদের ব্যবসায়িক সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি, আগামী দিনগুলোতেও কোম্পানির সকল পরিচালক ও শেয়ারহোল্ডার তাঁদের পূর্ণ সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।
কোম্পানি দৃঢ় প্রত্যয় ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে দিন দিন ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করে চলেছে এবং ২০২৫ সালে একটি ইতিবাচক ব্যবসায়িক ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এ সময়ে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৭৮,৩৪,৬১,৯৭৭/- টাকা এবং প্রয়োজনীয় সংস্থান (Provision) সংরক্ষণের পর নিট মুনাফা ৪,২৬,৫২,২২৫/- টাকা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০% নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে।
কৃতজ্ঞতা জ্ঞাপন
কোম্পানির প্রতি মূল্যবান দিকনির্দেশনা, সহযোগিতা ও সহায়তা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (BIA), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (NBR), রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC) এবং অন্যান্য সকল নিয়ন্ত্রক সংস্থার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পুনরায়, সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডারদের তাঁদের অব্যাহত সমর্থন, পরামর্শ ও দিকনির্দেশনার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পর্ষদ ও সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি তাঁদের কঠোর পরিশ্রম, আন্তরিক নিষ্ঠা এবং কোম্পানির সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে তাঁদের নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমি আশা ও বিশ্বাস করি, সম্মানিত পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারদের যোগ্য দিকনির্দেশনা ও নেতৃত্বে আগামী দিনগুলোতে কোম্পানি আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।
সকলকে আন্তরিক ধন্যবাদ।
নাহিদা সুলতানা
চেয়ারম্যান
সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড